আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
ফাতওয়া নং: ৪০৯
তারিখ: ২৮/০৪/২০২৬ ঈ.
বরাবর
ফাতওয়া বিভাগ
আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা ইসলামপুর, পোরশা, নওগাঁ, বাংলাদেশ।
বিষয়: তালাক প্রসঙ্গে
প্রশ্নের বিবরণ:
স্বামী-স্ত্রীর মধ্যে খাবার রান্না করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী খুব রেগে গিয়ে স্ত্রীকে কোদাল দিয়ে আঘাত করতে উদ্যত হয়। তখন তাদের ছেলে বাবাকে বাধা দেয়। এতে স্বামী আরও ক্রুদ্ধ হয়ে প্রথমে স্ত্রীকে বলে: “তোর ছেলে যদি বাড়িতে ওঠে, তবে তুই এক তালাক।” এরপর আবার বলে: “তুই যদি বাড়িতে উঠিস, তবে তোর উপর এক তালাক।” এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে উক্ত কথাগুলোর দ্বারা তালাক সংঘটিত হয়েছে কি না? হয়ে থাকলে কত তালাক পতিত হয়েছে এবং তাদের বর্তমান বৈবাহিক অবস্থার বিধান কী?
সমাধান:
بسم الله الرحمن الرحيم، حامدا ومصليا ومسلما
সমাধান: প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী কথাগুলো শর্তযুক্ত তালাকের মধ্যে গণ্য হয়েছে। সুতরাং এ কথাগুলো বলার পর ছেলে যদি বাড়িতে উঠে তাহলে এক তালাকে রজয়ী কার্যকর হবে এবং স্ত্রী যদি বাড়িতে উঠে তাহলে ভিন্ন আরেকটি তালাকে রজয়ী কার্যকর হবে। দুইটি শর্ত পাওয়া গেলে দুই তালাকই কার্যকর হবে। এর পর স্বামী যদি ইদ্দতের মধ্যে অর্থাৎ স্ত্রী ঋতুমতী হলে তিনটি ঋতু আর গর্ভবতী হলে সন্তান প্রসব করার পূবেই স্ত্রীকে মৌখিকভাবে ফিরিয়ে নেয়, অথবা স্ত্রীর সাথে স্বামী-স্ত্রী সুলভ কোন আচরণ করে থাকে তাহলে পূবের স্ত্রী হিসাবে বহাল হয়ে যাবে।
উল্লেখ্য,দুই তালাক কার্যকর হলে ভবিষ্যতে স্বামী আর মাত্র এক তালাকের মালিক থাকবে। যদি কখনো স্ত্রীকে আর এক তালাক দিয়ে দেয়। তাহলে স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। এজন্য খুবই সতর্ক থাকতে হবে।
في الهندية(١/٤٨٨)إذا أضاف الطلاق إلي الشرط وقع عقيب الشرط إتفاقا۞
وفي بدائع الصنائع(٣/٢٠٠)ثم إذا وجد الشرط والمرأة في ملكة أو في العدة يقع الطلاق۞
وفي الهداية(٢/٣٨٥)وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق۞
وفي فتح القدير(٤/١٠٣) وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق وهذا بالإتفاق لأن الملك قائم في الحال والظاهر بقاؤه إلى وقت الشرط۞..انتهى، والله أعلم بالصواب
অনলাইন ফাতওয়া || ফাতওয়া বিভাগ || আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ